প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্, গাস্ট ২, ২০২৫
সারাদিন ডেস্ক
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের ‘উসকানিমূলক মন্তব্যের’ জবাবে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দুটি সাবমেরিন কৌশলগত অবস্থানে মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া পোস্টে ট্রাম্প এ তথ্য জানান।
তিনি লেখেন, আমি দুইটি পারমাণবিক সাবমেরিন যথাযথ অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছি, যদি এই বোকামিপূর্ণ ও উসকানিমূলক বক্তব্যগুলো কথার চেয়েও বেশি কিছু হয়ে ওঠে।
ট্রাম্প আরও বলেন, শব্দের গুরুত্ব অনেক। সেগুলো অনেক সময় অনাকাঙ্ক্ষিত ফল ডেকে আনতে পারে। আমি আশা করি, এবারের ঘটনা তার মধ্যে একটি হবে না।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ সম্প্রতি এক মন্তব্যে ট্রাম্পকে সতর্ক করে বলেন, রুশ ‘ডেড হ্যান্ড’ কতটা ভয়ংকর হতে পারে, তা মনে রাখা উচিত। বিশ্লেষকরা বলছেন, এটি সোভিয়েত আমলের প্রতিশোধমূলক পারমাণবিক অস্ত্র ব্যবস্থার প্রতি সরাসরি ইঙ্গিত।
বিশ্লেষকদের মতে, উভয় দেশের শীর্ষ নেতাদের এমন বাকযুদ্ধ ও পরস্পরের প্রতি সামরিক হুঁশিয়ারি পারমাণবিক উত্তেজনার দিকেই ইঙ্গিত দিচ্ছে।