Print

সারাদিন

সংসদের বাইরে সংবিধান সংশোধনের সুযোগ নেই: আমীর খসরু

প্রকাশিত: ৩:১৭ অপরাহন, গাস্ট ২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সংবিধান সংশোধন করতে হলে তা সংসদের মাধ্যমেই করতে হবে, সংসদের বাইরে এর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২ আগস্ট) রাজধানীর নীলক্ষেতের আইসিএমএবি মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংবিধান সংশোধনের বিষয়টি এখনও আলোচনায় আছে। তবে যেকোনো সংশোধন সংসদের মাধ্যমেই হতে হবে এবং তার জন্য রাজনৈতিক দলগুলোর জনগণের কাছ থেকে ম্যান্ডেট নেওয়া প্রয়োজন।

গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কোনো পরিবর্তনের চেষ্টা ব্যর্থ হবে জানিয়ে আমীর খসরু বলেন, যারা গণতন্ত্র ও নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা আসলে গণতন্ত্র বা সংসদীয় পদ্ধতিতে বিশ্বাস করে না। তাদের গন্তব্য তারা নিজেরাও জানে না।

রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তনের ওপর জোর দিয়ে তিনি বলেন, শুধু কাঠামোগত সংস্কারে কাজ হবে না, যদি রাজনৈতিক সংস্কৃতি না বদলায়। মতপ্রকাশের স্বাধীনতা, সহনশীলতা এবং পারস্পরিক সম্মান বজায় রাখতে হবে। জাতীয় স্বার্থে যেখানে ঐক্য দরকার, সেখানে ঐক্য গড়ে তুলতে হবে।

৫ আগস্টের পর বিরোধী দলগুলোর ঐক্যে ফাটল ধরেছে— এমন মন্তব্যকে নাকচ করে দিয়ে তিনি বলেন, আমি কোনো অনৈক্য দেখছি না। প্রত্যেক দলই নিজেদের ভাবনা অনুযায়ী চলবে। যেখানে মতের মিল হবে সেখানে একসাথে কাজ হবে। বাকিটা জনগণের কাছে নিয়ে যেতে হবে। জনগণই দেশের মালিক, তাদের সিদ্ধান্ত সংসদে বাস্তবায়ন করতে হবে।

Nagad
Nagad