Print

সারাদিন

ইসরায়েলি গুলিতে ত্রাণপ্রার্থী ফিলিস্তিনিদের মৃত্যু থামছেই না

প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২৫

সারাদিন ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণের জন্য অপেক্ষমাণ ফিলিস্তিনিদের ওপর আবারও গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার (২ আগস্ট) ভোর থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৬২ জন, যাদের বেশিরভাগই সাধারণ ত্রাণপ্রার্থী।

হাসপাতাল সূত্রে আল জাজিরাকে জানানো হয়, নিহতদের মধ্যে ৩৮ জন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত বিতর্কিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)’ পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে অপেক্ষা করছিলেন। সংস্থাটির কার্যক্রম শুরুর পর থেকেই ত্রাণ নিতে গিয়ে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ রয়েছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে।

ইসরায়েল গত সপ্তাহে কিছু এলাকায় ‘কৌশলগত বিরতির’ ঘোষণা দিলেও বাস্তবে তা মানা হয়নি। হামলা ও নিপীড়ন অব্যাহত থাকায় মানবিক সহায়তার চেষ্টাও বারবার ব্যাহত হচ্ছে।

জাতিসংঘের মানবাধিকার অফিসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ত্রাণ নেওয়ার চেষ্টাকালে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১,৩৭৩ জনে পৌঁছেছে।

এ ছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত অক্টোবরে হামলা শুরুর পর থেকে অপুষ্টি ও অনাহারে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬৯ জন, যাদের মধ্যে ৯৩ জনই শিশু।

চাপের মুখে ইসরায়েল সম্প্রতি কিছু দেশকে-যেমন জর্ডান, আমিরাত, মিশর, স্পেন, জার্মানি ও ফ্রান্স-আকাশপথে ত্রাণ পাঠাতে অনুমতি দিলেও মানবিক সংস্থাগুলো জানিয়েছে, এসব প্রচেষ্টা অপর্যাপ্ত। তারা ত্রাণ সরবরাহের জন্য অবরোধমুক্ত স্থলপথ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে।

Nagad
Nagad