প্রকাশিত: ১২:৩০ অপরাহন, গাস্ট ৩, ২০২৫
সারাদিন ডেস্ক
জুলাই-আগস্টের গণ-আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
রবিবার (৩ আগস্ট) সকাল ৯টা ২৫ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মামলার রাজসাক্ষী ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এদিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মাধ্যমে বিচারকার্য শুরু হয়, যা বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
সাবেক আইজিপি মামুন নিজের অপরাধ স্বীকার করে বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনের সময় আমাদের বিরুদ্ধে যেসব হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে, তা সত্য। আমি দোষ স্বীকার করছি এবং রাজসাক্ষী হিসেবে আদালতকে সহযোগিতা করতে চাই।
উল্লেখ্য, গত ১০ জুলাই এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগপত্রে ১,৪০০ জন ছাত্র-জনতাকে হত্যার পাশাপাশি হত্যা প্ররোচনা ও নির্দেশ দেওয়ার দায়ে তাদের অভিযুক্ত করা হয়।
মামলার অন্য দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল বর্তমানে পলাতক।