প্রকাশিত: ২:৩৫ অপরাহন, গাস্ট ৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির লক্ষ্যে নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (৩ আগস্ট) নৌবাহিনী সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই পর্ষদ উদ্বোধন করা হয়। এতে নৌবাহিনীর ক্যাপ্টেন থেকে কমডোর, কমান্ডার থেকে ক্যাপ্টেন, এবং লেফটেন্যান্ট কমান্ডার থেকে কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন থেকে এয়ার কমডোর, উইং কমান্ডার থেকে গ্রুপ ক্যাপ্টেন ও স্কোয়াড্রন লিডার থেকে উইং কমান্ডার পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু হবে।
অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে ড. ইউনূস বলেন, শান্তিকালীন সময়ে দুর্যোগ মোকাবিলা, উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সংকটে দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষা—সবক্ষেত্রেই নৌ ও বিমান বাহিনীর ভূমিকা প্রশংসনীয়।
তিনি বাহিনী দুটির জাতীয় সেবায় অব্যাহত অংশগ্রহণ এবং সংবিধানসম্মত ভূমিকার প্রশংসা করে বলেন, বাহিনীগুলো জনকল্যাণে কাজ করে জনগণের আস্থা অর্জন করেছে।
নির্বাচনী পর্ষদের উদ্দেশে তিনি বলেন, দেশপ্রেমিক, সৎ, পেশাদার ও নেতৃত্বে দক্ষ কর্মকর্তাদের সামনে আনতে হবে। এমন নেতৃত্বই ভবিষ্যতে বাহিনী ও দেশের জন্য মঙ্গল বয়ে আনবে।