প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫
জ্যেষ্ঠ প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থান, স্বৈরাচার সরকারের পতন ও শোক-বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ রোববার (৩ আগস্ট) রাজধানীতে দুটি বড় ছাত্র ও রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। একটি শাহবাগে, অপরটি কেন্দ্রীয় শহীদ মিনারে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুপুর আড়াইটায় শাহবাগে ‘ছাত্র সমাবেশ’ শুরু করে। সমাবেশ উপলক্ষে এলাকাজুড়ে সাজানো হয়েছে মঞ্চ, স্লোগানে মুখরিত হয়েছে চত্বর। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিশেষ অতিথি হিসেবে থাকছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য শীর্ষ নেতা ও সাবেক ছাত্রনেতারা। সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সঞ্চালনায় আছেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
ছাত্রদল তাদের সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠনের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান, ও মানবসম্পদ উন্নয়নে ছাত্রসমাজের অংশগ্রহণ—এসব বিষয়ে বার্তা দেবে। সমাবেশকে ঘিরে ব্যানার-ফেস্টুন ও ব্যক্তিগত শোডাউন এড়িয়ে চলতে নির্দেশনা দিয়েছে সংগঠনটি এবং জনদুর্ভোগের আশঙ্কায় দুঃখ প্রকাশ করেছে।

শহীদ মিনারে এনসিপির ইশতেহার ঘোষণা
অন্যদিকে, জুলাই আন্দোলনের স্মরণে বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই সমাবেশ থেকেই তারা ‘আগামীর বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে একটি জন-আকাঙ্ক্ষার ইশতেহার ঘোষণা করবে।
২০২৪ সালের ৩ আগস্ট একদফা আন্দোলনের ডাক দিয়েছিল এনসিপি, সেই ঐতিহাসিক ঘোষণা স্থানেই আজকের সমাবেশ। ইতোমধ্যে শহীদ মিনার এলাকায় প্রস্তুত করা হয়েছে মঞ্চ ও মেডিকেল ইউনিট। ব্যানার-পোস্টারে সেজেছে প্রাঙ্গণ। আজকের সমাবেশে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবে দলটি।