Print

সারাদিন

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ৯১ টাকা

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপি গ্যাস) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে, ১২ কেজি সিলিন্ডারের এলপি গ্যাস এখন কিনতে হবে ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকায়।

রোববার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিইআরসি এ তথ্য জানায়। জানানো হয়, নতুন এ মূল্য আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এছাড়া অটোগ্যাসের দামও প্রতি লিটার ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ২ জুলাই বিইআরসি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা করেছিল। পাশাপাশি, ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

প্রতিমাসে বিশ্ববাজারে প্রোপেন ও বিউটেনের দাম অনুসারে দেশে এলপি গ্যাসের মূল্য পুনঃনির্ধারণ করে বিইআরসি। যদিও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো এ দাম কাঠামোর বাইরে থাকলেও, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এটি বাধ্যতামূলক।

নতুন এ দাম কার্যকর হওয়ার ফলে ভোক্তারা কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Nagad
Nagad