Print

সারাদিন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ফেলোশিপ অর্জন সাংবাদিক আনোয়ারের

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫

শাহজালাল রোহান:

বাংলাদেশ পোস্টের সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ট্রান্সপারেন্সি স্কুল ২০২৫ ফেলোশিপ অর্জন করেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল লিথুয়ানিয়া আয়োজিত এই মর্যাদাপূর্ণ কর্মসূচিতে তিনি পূর্ণ টিউশন ফি মওকুফ-সহ অংশগ্রহণের সুযোগ পান।

দুর্নীতি বিরোধী সচেতনতা ও জবাবদিহিতামূলক সাংবাদিকতায় অবদানের জন্য এ ফেলোশিপ তাকে প্রদান করা হয়। ইউরোপের অন্যতম মর্যাদাসম্পন্ন এই স্কুলে প্রতি বছর বিশ্বের ১০০টিরও বেশি দেশ থেকে সাংবাদিক, সিভিল সোসাইটি কর্মী, সরকারি কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকেন।

এই স্বীকৃতি মোহাম্মদ আনোয়ার হোসেনকে আন্তর্জাতিক অঙ্গনে একজন নৈতিক, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী এবং উন্নয়নমুখী সাংবাদিক হিসেবে তুলে ধরেছে।

এর আগে ২০২৪ সালে তিনি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ফেলোশিপ লাভ করেন এবং স্থানীয় পর্যটন, বিদেশি ভ্লগার আকর্ষণ ও হালাল ট্যুরিজম উন্নয়ন নিয়ে প্রতিবেদন তৈরি করেন।

তিনি খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং ডিজিটাল সাংবাদিকতা নিয়েও সক্রিয়ভাবে কাজ করছেন। উল্লেখযোগ্য প্রশিক্ষণের মধ্যে রয়েছে, থমসন রয়টার্স ফাউন্ডেশন ও IFAD আয়োজিত “খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়ন” (২০২৩), AFP–Google News Initiative-এর ডিজিটাল ইনভেস্টিগেশন টেক কোর্স (২০২৫)।

পেশাগত উৎকর্ষ ও সামাজিক অবদানের জন্য তিনি ২০২৪ সালে পেয়েছেন মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার (ভারত-বাংলাদেশ কালচারাল সোসাইটি) এবং হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড (অগ্রগামী মিডিয়া ভিশন)।

Nagad
Nagad

সাম্প্রতিক ফেলোশিপ সম্পর্কে আনোয়ার বলেন, এই ফেলোশিপ আমার প্রতিষ্ঠানিক স্বচ্ছতা ও গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে গভীর উপলব্ধি এনে দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী পরিবর্তনের দূতদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল অনন্য।

আন্তর্জাতিক অংশগ্রহণের অভিজ্ঞতার মধ্যে রয়েছে, লন্ডনের ওয়ার্ল্ড ট্রাভেল মার্ট, নিউইয়র্কের NAB Show, জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদ (২০২৩),ওয়াশিংটন ডিসির আইএমএফ–বিশ্বব্যাংক বার্ষিক সভা।