প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫
সারাদিন ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার আগে শেখ হাসিনাকে ‘স্বৈরশাসকদের সভাপতি’ আখ্যা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে গুম-খুন চাঁদাবাজি, টাকা পাচার করা হয়েছে। আর এর বিরুদ্ধেই ছিল বৈষম্যবিরোধী জুলাই আন্দোলন। স্বৈরাচারদের যদি কোনো সমিতি করা হয়, শেখ হাসিনা সেই সমিতির সভাপতি হতে পারেন। আর মিথ্যার পিএইচডি করার জন্য হিটলার বেঁচে থাকলে হয়তো শেখ হাসিনার কাছে আসতেন।
রোববার (৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সূচনা বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা চাই স্বৈরশাসক ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি হোক। এটাই হবে দেশের মানুষের স্বপ্নপূরণ।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, বিগত আমলে দেশে গুম, খুন এবং পলিটিক্যাল কালচারের বিস্তার ঘটেছিল। আমরা এমন একটি ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই, যেখানে এই ধরনের খুনের রাজনীতি চিরতরে বন্ধ হবে।
তিনি বলেন, আমাদের কোনো ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ নেই, আমরা অপরাধের বিরুদ্ধে এসেছি। আমরা ন্যায় বিচার চাই। দেশের মানুষের স্বপ্নের বিচার চাই। আমরা ন্যায়বিচার চাইব, ন্যায়বিচারের মধ্য দিয়েই আমরা সর্বোচ্চ শাস্তি চাইব।
এর আগে, গত ১০ জুলাই এ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।