প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫
সারাদিন ডেস্ক
চলতি বছরের জুলাই মাসে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। আগের বছরের একই সময়ের তুলনায় এবারের আয় বেড়েছে ২৯ দশমিক ৪৮ শতাংশ।
রোববার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে—১৬৮ কোটি ৯৭ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ কোটি ৯২ লাখ ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে এসেছে ১ কোটি ১৩ লাখ ডলার।
ব্যাংকভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে—৫৩ কোটি ৩৭ লাখ ডলার। এরপর রয়েছে অগ্রণী ব্যাংক, যার মাধ্যমে এসেছে ২৪ কোটি ৬৭ লাখ ডলার এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২২ কোটি ৯২ লাখ ডলার।
বাকি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে, ব্র্যাক ব্যাংক: ১৭ কোটি ৮১ লাখ ডলার, জনতা ব্যাংক: ১৩ কোটি ৪৭ লাখ ডলার, ট্রাস্ট ব্যাংক: ১২ কোটি ৮ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল নিম্নরূপ, জানুয়ারি: ২১৮ কোটি ৫২ লাখ ডলার, ফেব্রুয়ারি: ২৫২ কোটি ৭৬ লাখ ডলার, মার্চ: ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার , এপ্রিল: ২৭৫ কোটি ২৩ লাখ ডলার, মে: ২৯৬ কোটি ৯৫ লাখ ডলার, জুন: ২৮২ কোটি ১২ লাখ ডলার।
রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি এনে দিতে পারে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।