Print

সারাদিন

৫ আগস্ট ‘স্বৈরাচার পতন দিবস’ পালন করবে ইসলামী আন্দোলন

প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্, গাস্ট ৪, ২০২৫

সারাদিন ডেস্ক

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের স্মরণে এবার ‘স্বৈরাচার পতন দিবস’ পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (৩ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়, আন্দোলনে নিহতদের জন্য দোয়া ও শ্রদ্ধা নিবেদন এবং আগামীতেও দেশকে যেকোনো স্বৈরাচারের হাত থেকে রক্ষা করার অঙ্গীকার নিয়ে দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, ৫ আগস্ট সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতেয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেবেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এছাড়া বিশেষ অতিথি থাকবেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পরে দুপুর ১২টায় গণমিছিল, আড়াইটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মাগরিবের পর মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।

Nagad
Nagad

এ ছাড়া জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও বিশিষ্ট আলেম শায়খ আহমাদুল্লাহ। এতে দেশের শীর্ষস্থানীয় আলেমরাও অংশ নেবেন।