প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
অভ্যন্তরীণ অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সংগঠন পরিচালনায় নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসক।
সোমবার (৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়, অবৈধ ভোটের মাধ্যমে গঠিত বর্তমান কমিটির বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের নিষেধ থাকা সত্ত্বেও ‘আটাব অনলাইন’ প্ল্যাটফর্ম ব্যবহার করে বিপুল পরিমাণ শেয়ারহোল্ডারদের অর্থ আত্মসাৎ করা হয়েছে।
আদেশে আরও জানানো হয়, আটাব সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে সংগঠনের ভেতর থেকেই মানববন্ধনের মতো প্রতিবাদ হয়েছে। ‘আটাব সংস্কার পরিষদ’ নামে একটি পক্ষ প্রশাসক নিয়োগের দাবি জানায়। সেই প্রেক্ষিতে ২০২২ সালের বাণিজ্য সংগঠন আইনের ১৭ ধারা অনুযায়ী কমিটি বিলুপ্ত করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন প্রশাসক ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করবেন এবং পরবর্তীতে দায়িত্ব হস্তান্তর করবেন নির্বাচিত কমিটির কাছে।
আদেশের অনুলিপি সংশ্লিষ্ট সরকারি দপ্তর, জেলা প্রশাসন, এফবিসিসিআই এবং আটাবের বর্তমান কার্যালয়ে পাঠানো হয়েছে।