প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগরীর সাতটি সরকারি কলেজের জন্য গঠিত হতে যাচ্ছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’। প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষাব্যবস্থা হবে হাইব্রিড মডেলের—যেখানে ৪০ শতাংশ ক্লাস হবে অনলাইনে, বাকি ৬০ শতাংশ সশরীরে। তবে সব পরীক্ষা হবে সরাসরি অনুষ্ঠিত।
সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. মজিবর রহমান।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়টি হবে ইন্টারডিসিপ্লিনারি ভিত্তিক। শিক্ষার্থীরা প্রথম চার সেমিস্টারে নন-মেজর, পরবর্তী চার সেমিস্টারে মেজর কোর্স পড়বেন। পঞ্চম সেমিস্টারে শর্তসাপেক্ষে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে, তবে ক্যাম্পাস পরিবর্তন নয়।
সাত কলেজকে চারটি স্কুলে ভাগ করে পরিচালনা করা হবে—ঢাকা কলেজ, ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজে ‘স্কুল অব সায়েন্স’; সরকারি তিতুমীর কলেজে ‘স্কুল অব আর্টস ও বিজনেস’; কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে ‘স্কুল অব ল অ্যান্ড জাস্টিস’।
একাডেমিক ও প্রশাসনিক কাঠামোর বিষয়ে মজিবর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ে একজন প্রক্টর থাকবেন। এছাড়াও প্রতিটি কলেজে একজন পুরুষ এবং একজন নারী ডেপুটি প্রক্টর থাকবেন। অর্থাৎ ৭ কলেজে সর্বমোট ১৪ জন ডেপুটি প্রক্টর থাকবেন।
সাত কলেজের পাঁচটিতে আগের মতো উচ্চমাধ্যমিক পর্যায় চালু থাকবে জানিয়ে ভারপ্রাপ্ত সচিব বলেন, স্নাতক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা টাইম, স্পেস ও রিসোর্স শেয়ারিং পদ্ধতিতে একই ক্যাম্পাস ব্যবহার করবেন। কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া পরিচালিত হবে। প্রতি ডিসিপ্লিনে যৌক্তিকভাবে ছাত্র সংখ্যা নির্ধারণ করা হবে।
প্রতিটি শিক্ষার্থীকে প্রথম বর্ষেই ল্যাপটপ ও আনুষঙ্গিক সামগ্রী দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে ও স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা প্রদানের ব্যবস্থা করা হবে।
সব প্রশাসনিক কার্যক্রম (ভর্তি, রেজিস্ট্রেশন, আবেদন ইত্যাদি) আইটি বেজড/ডিজিটাল সিস্টেমে সম্পাদিত হবে। এছাড়াও শিক্ষার্থীরা যে কোনো ধরনের অনুসন্ধান আইটি প্ল্যাটফর্মের মাধ্যমে করতে পারবে বলেও জানান তিনি।
বর্তমান শিক্ষকদের নিয়েই কলেজের উচ্চমাধ্যমিক কার্যক্রম চলবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে নতুনভাবে শিক্ষকদের নিয়োগ দেওয়া হবে। চলতি বছরের মধ্যেই অধ্যাদেশ জারি এবং প্রশাসনিক কাঠামো চূড়ান্ত হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, ২০১৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরপর দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছিলেন।