Print

সারাদিন

জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানস্থলে বেলুন বিস্ফোরণ, আহত ১০

প্রকাশিত: ৪:৪৪ অপরাহন, গাস্ট ৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত অনুষ্ঠানস্থলে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে অনুষ্ঠানের প্রস্তুতিকালে মঞ্চের সামনের অংশে বেলুনে আগুন ধরে যায় এবং হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় উপস্থিত দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে কয়েকজনের শরীরের বিভিন্ন অংশে হালকা দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া গেছে।

আহতদের নাম: মাজহারুল ইসলাম (২৭), বিল্লাল (৪৫), ফাহাত (২০), মো. মুনসুর ইসলাম (৩৮), শরীফ (৩২), পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মিশু (২৩), মিহাত (১৭)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘আহত ১০ জন আমাদের এখানে চিকিৎসা নিয়েছেন। সবার অবস্থা স্থিতিশীল এবং প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, “বেলুনে আগুন ধরে যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আগুন বড় আকার ধারণ করার আগেই নিভে যায়। আমাদের হস্তক্ষেপের প্রয়োজন হয়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে একাধিক টিম মোতায়েন রয়েছে।”

প্রসঙ্গত, আজ বিকেলে একই মঞ্চ থেকে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো এলাকা কড়া নিরাপত্তার আওতায় রয়েছে।

Nagad
Nagad