প্রকাশিত: ৯:২৮ অপরাহন, গাস্ট ৫, ২০২৫
জ্যেষ্ঠ প্রতিবেদক:
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।
প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।
তিনি জানান, নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে সরকার সব ধরনের সহযোগিতা করবে।
ভাষণে ড. ইউনূস বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। তিনি রেমিট্যান্সযোদ্ধাদের ঐতিহাসিক অবদানকে স্বীকৃতি দিয়ে বলেন, ‘তাদের অংশগ্রহণ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’
নারী ভোটারদের অংশগ্রহণ নিয়েও তিনি বলেন, ‘নারী ভোটাররা যেন দেশের সর্বত্র নির্দ্বিধায় আনন্দ-উৎসাহসহ ভোট দিতে পারে, সে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার যেন কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের ঢল নামে, আমরা সেই লক্ষ্যে কাজ করব।’
ভাষণে ড. ইউনূস বলেন, গত ১৫ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবারের নির্বাচন হবে সেই ‘বকেয়া আনন্দ’ পূরণের একটি মাহেন্দ্রক্ষণ। কেউ জীবনে প্রথমবার ভোট দেবে, কেউ অনেক বছর পর—এবং আমরা চাই, এই দিনটি তারা যেন উৎসবের মতো উপভোগ করে।
তিনি আরও বলেন, নির্বাচনের দিন হবে ঈদের মতো উৎসব। সবাই বাচ্চা-কাচ্চা নিয়ে ভোটকেন্দ্রে যাবেন, যেন ভবিষ্যৎ প্রজন্ম নাগরিক অধিকার প্রয়োগের এই আনন্দ উদযাপন করতে শেখে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এখন থেকেই আলোচনা শুরু করুন—আপনার এলাকায় ভোটদান ব্যবস্থা কীভাবে আরও আনন্দময় ও নিরাপদ করা যায়। এবারের নির্বাচন হবে ‘নতুন বাংলাদেশ’ গড়ার ভিত্তি।
ড. ইউনূস বলেন, এবারের নির্বাচন যেন আনন্দ-উৎসবের দিক থেকে, শান্তি-শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেজন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করবো।