Print

সারাদিন

জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ হত্যার বিচার শুরু

প্রকাশিত: ১২:৪৭ অপরাহন, গাস্ট ৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (৬ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে গত ৩০ জুলাই মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। প্রসিকিউশন পক্ষ থেকে সকল আসামির বিচার শুরুর আবেদন জানানো হয়।

প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে জানান, “আবু সাঈদকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৪ জনের নির্দেশে হত্যা করা হয়। সেই প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করাটাই যুক্তিযুক্ত সিদ্ধান্ত।”

গত ২৯ জুলাই, আসামিদের পক্ষে শুনানি হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রক্টর মো. শরিফুল ইসলাম-এর পক্ষে লড়েন আইনজীবী আমিনুল গণি টিটো।
কনস্টেবল সুজন চন্দ্র রায়-এর পক্ষে ছিলেন আইনজীবী আজিজুর রহমান দুলু। ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ-এর পক্ষে ছিলেন সালাহউদ্দিন রিগ্যান।

Nagad
Nagad

তাদের সবাইকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়। তবে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের পক্ষে আদেশ দেয়।

সেদিন সকালে প্রিজন ভ্যানে করে শরিফুলসহ ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানির দ্বিতীয় দিন শেষে আদালত আজ অভিযোগ গঠনের আদেশ দেয়।

২০২৪ সালের ১৬ জুলাই দুপুরে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড় এলাকায় পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের শিক্ষার্থী।