Print

সারাদিন

অধ্যাদেশ জারির দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ২:৫৫ অপরাহন, গাস্ট ৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (৬ আগস্ট) সকাল থেকে তারা ঢাকা কলেজে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।

সকাল ১০টার পর থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ঢাকা কলেজের প্রধান ফটকে জড়ো হন। এরপর বেলা ১১টার দিকে কলেজের ভেতর থেকে মিছিল বের হয়ে সায়েন্সল্যাব মোড় ঘুরে নীলক্ষেত হয়ে ইডেন মহিলা কলেজের সামনে কিছু সময় অবস্থান করে। পরে আবার নীলক্ষেত হয়ে ঢাকা কলেজের মূল ফটকে ফিরে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

শিক্ষার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে ‘সাত কলেজ অধিভুক্ত’ নামের অবমাননাকর অভিজ্ঞতা পেছনে ফেলে তারা একটি স্বাধীন ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের পরিচয় চান। ‘অধিভুক্তি’ শব্দটি শিক্ষার্থীদের মধ্যে আত্মপরিচয়ের সংকট তৈরি করেছে বলেও মন্তব্য করেন আন্দোলনকারীরা।

ঢাকা কলেজের শিক্ষার্থী আতিকুল ইসলাম বলেন, সরকার ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দিলেও এখনো অধ্যাদেশ জারি না করায় আমরা উদ্বিগ্ন। দ্রুত অধ্যাদেশ প্রকাশ করে আমাদের শিক্ষাজীবনে স্বতন্ত্র পরিচয়ের স্বীকৃতি দিতে হবে।

আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুর রহমান বলেন, শিক্ষা সিন্ডিকেটের কোনো ষড়যন্ত্র আমরা মানব না। সরকার যখন অধ্যাদেশ প্রণয়নের কাজ শুরু করেছে, তখন তা নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়ন করতে হবে। শিক্ষার্থীদের ওপর আর কোনো অনিশ্চয়তা চাপিয়ে দেওয়া চলবে না।

তিনি আরও জানান, সরকার অধ্যাদেশ বাস্তবায়নে পাঁচ ধাপের প্রক্রিয়া অনুসরণ করবে—যার মধ্যে রয়েছে ইউজিসি খসড়া তৈরি, আইন মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের পর্যালোচনা, উপদেষ্টা পরিষদের অনুমোদন এবং রাষ্ট্রপতির গেজেট প্রকাশ। তবে এই প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক ধীরগতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

Nagad
Nagad

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ সরকার ঘোষণা দেয় যে, রাজধানীর সাতটি সরকারি কলেজকে একটি নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করা হবে। এ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।