Print

সারাদিন

হাসনাত-সারজিসসহ কক্সবাজার যাওয়া এনসিপির ৫ নেতাকে শোকজ

প্রকাশিত: ৩:১৭ অপরাহন, গাস্ট ৬, ২০২৫

সারাদিন ডেস্ক

জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।

বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে এই পাঁচ নেতাকে শোকজ করা হয়।

নোটিশে বলা হয়, ৫ আগস্ট—রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ দিন ও জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকীর মতো তাৎপর্যপূর্ণ সময়ে তারা ব্যক্তিগত সফরে কক্সবাজার যান। এ সফর সম্পর্কে কোনো তথ্য কিংবা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’-কে পূর্বে জানানো হয়নি।

চিঠিতে আরও বলা হয়, “আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, তা দলের শৃঙ্খলা এবং নীতির সঙ্গে সাংঘর্ষিক। এমতাবস্থায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নিকট সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাদের নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।”

দলীয় সূত্র জানায়, শোকজ পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন—এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। কক্সবাজার সফরের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি দলের হাইকমান্ডের নজরে আসে।

দলের একাধিক সিনিয়র নেতা মন্তব্য করেন, এমন দিনে ‘ছুটির মুডে’ থাকা নেতাদের আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এনসিপির রাজনৈতিক শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতে এ ধরনের আচরণ কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তারা।

Nagad
Nagad