Print

সারাদিন

ট্রাম্পের শুল্ক আরোপে কড়া প্রতিক্রিয়া, ‘জাতীয় স্বার্থে রুখে দাঁড়াবে ভারত’

প্রকাশিত: ১২:০১ অপরাহন, গাস্ট ৭, ২০২৫

সারাদিন ডেস্ক

ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্তের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কৃষক ও জেলেদের স্বার্থে ভারত কোনোভাবেই আপস করবে না, প্রয়োজনে এর জন্য “চড়া মূল্য” দিতে হলেও ভারত প্রস্তুত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দিল্লিতে অনুষ্ঠিত ‘এম এস স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলন’-এ ভাষণ দেওয়ার সময় মোদি বলেন, কৃষকের স্বার্থই আমাদের প্রথম অগ্রাধিকার। কৃষক, পশুপালক ও জেলেদের স্বার্থ রক্ষায় ভারত কখনো আপস করবে না। আমি জানি এর জন্য আমাকে চড়া মূল্য দিতে হবে, তবু আমি প্রস্তুত—ভারত প্রস্তুত।

বুধবার (৬ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের বিরুদ্ধে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে একটি নির্বাহী আদেশ জারি করেন। ফলে এখন ভারতের রপ্তানি পণ্যের ওপর মোট শুল্ক বেড়ে দাঁড়াল ৫০ শতাংশে।

ট্রাম্প এই পদক্ষেপের ব্যাখ্যায় বলেন, ইউক্রেনে রাশিয়ান অস্ত্রে কত মানুষ মারা যাচ্ছে, তা ভারত আমলে নিচ্ছে না।

ট্রাম্প এর আগেও সতর্ক করেছিলেন যে, রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখলে ভারতের ওপর বাড়তি শুল্ক আরোপ করা হতে পারে। গত ৩১ জুলাই তিনি ৯০টিরও বেশি দেশের ওপর শুল্কহার বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন, যার মধ্যে ভারতও ছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে “অন্যায়, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য” বলে আখ্যা দিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভারতের জ্বালানি আমদানি একান্তভাবে বাজার বাস্তবতা এবং ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তার বিবেচনায় করা হয়। সেই বাস্তবতা অগ্রাহ্য করে একতরফাভাবে শুল্ক আরোপ করায় আমরা গভীর হতাশা প্রকাশ করছি। জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে ভারত।

Nagad
Nagad

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে ভারতের কৃষিপণ্যের রপ্তানিতে এই শুল্ক বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে।