প্রকাশিত: ৪:০২ অপরাহন, গাস্ট ৭, ২০২৫
সারাদিন ডেস্ক
বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। ফিফার সদ্য প্রকাশিত নারী ফুটবলের র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে উঠে এসেছে আফঈদা-মনিকারা। র্যাঙ্কিংয়ে এটি বাংলাদেশের নারীদের সবচেয়ে বড় অগ্রগতি।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নারী দলের সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়, এবারের র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট (+৮০.৫১) ও সর্বোচ্চ অগ্রগতি বাংলাদেশ নারী ফুটবল দলের।
বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ১১৭৯.৮৭।
নারী এশিয়ান কাপ ২০২৬-এর বাছাইপর্ব খেলতে যাওয়ার সময় বাংলাদেশের অবস্থান ছিল ১২৮তম। সেখানে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমার ও ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে হারিয়ে ইতিহাস গড়ে মূলপর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। এই সাফল্যের প্রতিফলনই এবার র্যাঙ্কিংয়ে দেখা গেল।
বাংলাদেশ নারী ফুটবল দল এর আগে ২০১৩ ও ২০১৭ সালে সর্বোচ্চ ১০০তম অবস্থানে উঠেছিল। এবার তারা ১০৪তম স্থানে উঠে এসে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে দেশের ফুটবলপ্রেমীদের।
এদিকে, ফিফার হালনাগাদ র্যাঙ্কিংয়ে যুক্তরাষ্ট্রকে হটিয়ে শীর্ষে উঠেছে ইউরোতে রানার্সআপ হওয়া স্পেন। তিন ধাপ এগিয়ে তৃতীয়স্থানে সুইডেন, ইউরো জয়ী ইংল্যান্ড রয়েছে ৪ নম্বরে এবং জার্মানি ৫ নম্বরে। কোপা আমেরিকা জয়ী ব্রাজিল চার ধাপ পিছিয়ে সপ্তম স্থানে নেমে গেছে।
বাংলাদেশের বিপক্ষে হেরে যাওয়া বাহরাইন ১৯ ধাপ পিছিয়ে এখন ১১১তম স্থানে। আর মিয়ানমার এক ধাপ পিছিয়ে ৫৬তম স্থানে অবস্থান করছে।