প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত নবম কমিশন সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সানাউল্লাহ বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন আয়োজনের জন্য ফেব্রুয়ারির প্রথমার্ধকে বিবেচনায় নিতে চিঠি দিয়েছেন। কমিশনের আজকের বৈঠকে সে বিষয়টি উপস্থাপন করা হয়েছে।
তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আগেই বলেছেন যে, ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। সে হিসেবে আগামী ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে।
নির্বাচনী আচরণ বিধিমালার বিষয়ে তিনি জানান, রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণ বিধিমালার খসড়া পর্যালোচনা চলছে। আগামী সপ্তাহেই তা চূড়ান্ত করা হবে।
ভোটগ্রহণ প্রক্রিয়ায় ড্রোন ব্যবহারের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ভোটের দিন প্রার্থী বা গণমাধ্যম—কেউই ড্রোন ব্যবহার করতে পারবেন না। তবে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
সানাউল্লাহ আরও জানান, আগামী জাতীয় নির্বাচনে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত যারা ভোটার হবেন, তারাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন আগামী মাস থেকে প্রবাসীদের জন্য ভোটার অ্যাডুকেশন কার্যক্রম শুরু করবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে।
সভায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।