প্রকাশিত: ৯:০০ অপরাহন, গাস্ট ৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
ডায়ালাইসিস সেবাকে সাধারণ মানুষের নাগালে আনতে ১২০০ টাকায় সেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এজন্য সোনার বাংলা হাসপাতাল ও গণস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে আলোচনায় রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের এক বছরের স্বাস্থ্য খাতের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম।
তিনি জানান, সরকারি চিকিৎসা ব্যবস্থায় দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে ৭ হাজার চিকিৎসককে সুপার নিউমারারি পদে পদোন্নতি দেওয়া হবে এবং আগামী সেপ্টেম্বরে ৩ হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। নার্সদের মতো চিকিৎসকদের পোস্টিংও ভবিষ্যতে অটোমেশন পদ্ধতিতে দেওয়ার পরিকল্পনা রয়েছে। শূন্য পদে পদোন্নতির কাজ দুই সপ্তাহের মধ্যে শেষ করার আশ্বাস দেন তিনি।
হৃদরোগ ইনস্টিটিউটে দ্বিতীয় শিফটে চিকিৎসা চালু করা হয়েছে, একই কার্যক্রম শুরু হয়েছে কুয়েত মৈত্রী হাসপাতালে। ভবিষ্যতে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা চালু করার কথাও জানান উপদেষ্টা।
তিনি বলেন, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় প্রাণপণে চেষ্টা করেছি। অনেককে বাঁচাতে পেরেছি, তবে কিছু জীবন আমরা হারিয়েছি, কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল। এই আন্দোলনে বিদেশি সহায়তার কথাও তুলে ধরেন তিনি। বলেন, সিঙ্গাপুর ছাড়া অন্য ৬টি দেশ থেকে চিকিৎসকরা নিজের খরচে এসেছেন। নেপাল সরকার ৪০টি কর্নিয়া ডোনেট করেছে।
এছাড়া, রোবটিকস ফিজিওথেরাপির জন্য আহতদের ব্যাংককে পাঠানো হয়েছে। চীন সরকার দিয়েছে ৬২টি রোবট, যার মধ্যে ১৬টি এআই সমৃদ্ধ। ২৭ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আরও ১৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। মেডিকেল শিক্ষায় নৈতিকতা শিক্ষা বাধ্যতামূলক করতে একটি কমিটি গঠন করা হয়েছে এবং নতুন বই প্রকাশ করা হয়েছে। সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনায় অভিন্ন নীতিমালার কথা জানান উপদেষ্টা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান, প্রেস সচিব শফিকুল আলম, স্বাস্থ্যসেবা সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা সচিব সারওয়ার আলী, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আবু জাফর এবং শিক্ষা অধিদপ্তরের ডিজি নাজমুল হোসেন।