প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২৫
সারাদিন ডেস্ক
গাজীপুরে ফুটপাতে চাঁদাবাজির প্রতিবাদ করায় পুলিশের সামনেই আনোয়ার হোসেন নামে এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত। বুধবার (৬ আগস্ট) বিকেলে গাজীপুর শহরের সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আনোয়ার হোসেন স্থানীয় একটি দৈনিকের গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। হামলার সময় পাশেই পুলিশ থাকলেও প্রথমে কোনো হস্তক্ষেপ করেনি বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের রেলগেট ও সাহাপাড়া এলাকায় ফুটপাত থেকে অবৈধ চাঁদা তোলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আনোয়ার হোসেন সোচ্চার হন। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তাকে প্রকাশ্যে বেধড়ক মারধর করে এবং ইট দিয়ে শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়—আনোয়ারকে ঘিরে ধরে পেটাচ্ছে একদল যুবক, পাশে দাঁড়িয়ে পুলিশ নির্বিকার। পরে পুলিশ আহত সাংবাদিককে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, “আহতের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।”
প্রসঙ্গত, গাজীপুরে পরপর দুইদিনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে। এর আগের দিন চান্দনা চৌরাস্তা এলাকায় ফেসবুক লাইভ করার পর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়।