প্রকাশিত: ৪:২৯ অপরাহন, গাস্ট ৮, ২০২৫
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের আগমুহূর্তের দৃশ্য ধরা পড়েছে স্থানীয় একটি দোকানের সিসিটিভি ফুটেজে।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) রবিউল হাসান জানান, নিহত তুহিন ঘটনাস্থলে অপর এক ব্যক্তিকে ধাওয়া করা দৃশ্য ভিডিও করছিলেন। ধারণা করা হচ্ছে, এই ভিডিও করার কারণেই দুর্বৃত্তরা তাকে টার্গেট করে কুপিয়ে হত্যা করে।
ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে গাজীপুরের চন্দনা চৌরাস্তার শাপলা ম্যানশনের সামনে এক নারীকে উত্ত্যক্ত করেন এক ব্যক্তি। এরপর হঠাৎ বেশ কয়েকজন যুবক, যাদের হাতে রামদা ও চাইনিজ কুড়াল ছিল, ওই ব্যক্তির ওপর হামলার চেষ্টা করে। লোকটি দৌড়ে পালিয়ে যায়। এ সময় তুহিন ওই দৃশ্য ভিডিও করতে থাকেন।
সেই সময় সাংবাদিক তুহিন ও তার সহকর্মী মো. শামীম হোসেন ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন। শামীম জানান, তুহিন মোবাইল দিয়ে হামলাকারীদের ভিডিও করছিলেন। তারা বুঝতে পেরে তুহিনকে ধাওয়া করে ঈদগা মার্কেটের একটি দোকানে ঢুকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, ফুটেজে দেখা দুর্বৃত্তরা স্থানীয় একটি ছিনতাইকারী দলের সদস্য। তারা চান্দনা চৌরাস্তা, বাসন ও ভোগরা এলাকায় সক্রিয়। হামলাকারীদের মধ্যে রয়েছেন কেটু মিজান, শাহ জামাল, বুলেট ও সুজন নামের কয়েকজন চিহ্নিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে একাধিক থানায় একাধিক মামলা রয়েছে।
তবে হত্যাকাণ্ডের সময় তাদের সঙ্গে থাকা নারীর পরিচয় এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ ধারণা করছে তিনিও একই চক্রের সদস্য।
ঘটনার সময় যাকে লক্ষ্য করে ধাওয়া করা হচ্ছিল, সেই বাদশা মিয়া বর্তমানে চিকিৎসাধীন। তিনি জানান, ওই নারীসহ একটি চক্র তার কাছ থেকে টাকা আদায় করেছে, এবং পরে তার ওপর হামলার চেষ্টা চালায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। আহত বাদশা মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।