Print

সারাদিন

ভারতীয় পণ্যের ক্রয়াদেশ স্থগিত করলো অ্যামাজন ও ওয়ালমার্ট

প্রকাশিত: ৫:২৬ অপরাহন, গাস্ট ৮, ২০২৫

সারাদিন ডেস্ক

ভারত থেকে বস্ত্র ও পোশাক পণ্যের ক্রয়াদেশ স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো—অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট ও গ্যাপ। একাধিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি। তিনি ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে প্রথম ধাপের ২৫ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। বাকি ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে আগামী ২৮ আগস্ট থেকে।

নির্বাহী আদেশে প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেছেন, ভারত সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি করায় এই শাস্তিমূলক শুল্ক আরোপ করা হয়েছে। তিনি একে ‘যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের পরিপন্থী’ বলে উল্লেখ করেন।

বাড়তি শুল্কের কারণে ক্রেতারা অতিরিক্ত ব্যয় বহন করতে রাজি নন। বরং তারা রপ্তানিকারকদের চিঠি ও ই-মেইল দিয়ে অর্ডার স্থগিত রাখতে বলছেন। এতে করে ভারতীয় রপ্তানিকারকদের লাভের মার্জিন মারাত্মকভাবে কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, অতিরিক্ত শুল্কে উৎপাদন খরচ ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। ফলে মার্কিন বাজারে ভারতের পোশাক রপ্তানি কমে যেতে পারে, যা ৪-৫ বিলিয়ন ডলারের ক্ষতির শঙ্কা তৈরি করেছে।

২০২৪-২৫ অর্থবছরে ভারতের মোট ৩৬.৬১ বিলিয়ন ডলারের টেক্সটাইল ও পোশাক রপ্তানির মধ্যে ২৮ শতাংশই গেছে যুক্তরাষ্ট্রে। তাই যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত ভারতের টেক্সটাইল খাতের জন্য বড় ধাক্কা হতে পারে। সূত্র: এনডিটিভি

Nagad
Nagad