প্রকাশিত: ১২:২৬ অপরাহন, গাস্ট ৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনে মানুষের আস্থা ফিরে আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাটাই সরকার ও নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ। বিশ্বের অনেক দেশের সরকার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমন থাকে তার চেয়ে বাংলাদেশে ভালো আছে। আগামী নির্বাচনের আগে এই পরিস্থিতির আরও উন্নতি হবে।
শনিবার (৯ আগস্ট) রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা যেমন জরুরি, তেমনি নির্বাচনের প্রতিটি ক্ষেত্রে মানুষের আস্থা ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন কাজের ক্ষেত্রে বিধিবিধান ও আইন মেনে কার্যক্রম পরিচালনা করবে।
তিনি আরও জানান, পূর্ববর্তী নির্বাচনে কিছু প্রশ্ন ওঠার কারণ ছিলো নানা অনিয়ম। এবারের নির্বাচন বিশ্বমানের হবে এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত নির্বাচনে সমালোচিত মাঠকর্মীদের পরিবর্তে নতুন কর্মীদের নিয়ে পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। দেশের ভৌগোলিক অবস্থান বিবেচনা করে ভোটগ্রহণের সুষ্ঠু ব্যবস্থা নেওয়া হবে।
সিইসি সংবাদমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতার প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংবাদমাধ্যম নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ নয়, বরং তারা সহায়ক। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার একটি বড় চ্যালেঞ্জ, যার মোকাবেলায় কমিশন কাজ করছে।
তিনি আরও জানান, কোনো ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দিলে আশেপাশের কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হতে পারে।