প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
টিসিবির পণ্য বিক্রয়ের কার্যক্রম সাধারণ মানুষের জন্য রবিবার (১০ আগস্ট) থেকে শুরু হবে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি সাধারণ ভোক্তাদের মধ্যেও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে।
টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগরীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ব্যতীত) এবং চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লা, ফরিদপুর, পটুয়াখালী ও বাগেরহাটসহ অন্যান্য জেলায় মোট ৬৩টি ট্রাক ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন ট্রাক প্রতি ৫০০ জন সাধারণ ভোক্তা ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল ক্রয় করতে পারবেন।
ভোজ্যতেল (২ লিটার): ২৩০ টাকা, চিনি (১ কেজি): ৮০ টাকা, মসুর ডাল (২ কেজি): ১৪০ টাকা।
স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য আগের মতো মূল্য বজায় থাকবে। তারা কার্ড দেখিয়ে ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি বিশেষ দামে পেতে পারবেন। এ প্যাকেজের মূল্য ৫৪০ টাকা।
টিসিবি আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে গরীব ও মধ্যবিত্ত পরিবারের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।