Print

সারাদিন

এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল আজ প্রকাশ

প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্, গাস্ট ১০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আজ সকাল ১০টায় প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে রোল নম্বর দিয়ে ফল দেখতে পারবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, গত ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে এবার রেকর্ডসংখ্যক শিক্ষার্থী আবেদন করেছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, মোট ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনঃমূল্যায়নের জন্য আবেদন করেছে, যা গত বছরের তুলনায় প্রায় ২১ হাজার বেশি।

সর্বোচ্চ আবেদন এসেছে গণিত বিষয়ের জন্য ৪২ হাজার ৯৩৬টি খাতায়। এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ১৯ হাজার ৬৮৮টি করে, পদার্থবিজ্ঞানে ১৬ হাজার ২৩৩টি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১৩ হাজার ৫৫৮টি খাতা রয়েছে। চারু ও কারুকলা বিষয়ে মাত্র ৬টি খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা হয়েছে।

পুনঃনিরীক্ষণের মাধ্যমে খাতার নম্বর নতুন করে নির্ধারণ করা হয় না, বরং যাচাই করা হয় নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কিনা, কোনো প্রশ্ন বাদ পড়েছে কিনা বা ওএমআর শিট সঠিকভাবে মূল্যায়িত হয়েছে কিনা। প্রয়োজনীয় ক্ষেত্রে সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়।

শিক্ষা বোর্ডগুলোর সর্বশেষ হিসাব অনুযায়ী, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।

Nagad
Nagad