প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ৩০ বছর করাসহ ৮ দফা দাবিতে ঘোষিত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার (১০ আগস্ট) বিদ্যুৎ ভবনের বিজয় হলে সরকারের সঙ্গে পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে পরিবহন মালিক-শ্রমিকদের উত্থাপিত দাবিগুলো নিয়ে আলোচনা হয় এবং সমাধানের জন্য প্রক্রিয়া শুরুর আশ্বাস দেয় সরকার। বৈঠক শেষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
বৈঠকে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন, সড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলমসহ বিভিন্ন পরিবহন সংগঠনের নেতারা।
এর আগে, গত ২৭ জুলাই বাংলাদেশ পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ ৮ দফা দাবি উপস্থাপন করে ১২ আগস্ট সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা দেয়। দাবিগুলোর মধ্যে ছিল— সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন, পুরোনো গাড়ির ইকোনমিক লাইফ বাড়ানো, বিআরটিএর অভিযান স্থগিত, দ্বিগুণ অগ্রিম আয়কর প্রত্যাহার, রিকন্ডিশন গাড়ি আমদানির মেয়াদ বৃদ্ধি, দুর্ঘটনাকবলিত গাড়ি দ্রুত ফেরত দেওয়া, স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন, মহাসড়কে আলাদা লেন ব্যবস্থা এবং ড্রাইভিং লাইসেন্স দ্রুত সরবরাহের দাবি।