প্রকাশিত: ৬:৩১ অপরাহন, গাস্ট ১০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
জুলাই-আগস্টের অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১০ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের যে হাতিয়ারগুলো হারিয়ে গেছে, এগুলো উদ্ধারের জন্য আমরা একটি সার্কুলার দিচ্ছি এবং পুরস্কারও ঘোষণা করছি। যে তথ্য দেবে তাকে কত টাকা পুরস্কার দেওয়া হবে, সে বিষয়ে কমিটি গঠন করা হয়েছে। দু-চার দিনের মধ্যে মিডিয়ায় ঘোষণা দেওয়া হবে।
তিনি আরও জানান, পুলিশের কাছ থেকে লুট হওয়া ৭০০টিরও বেশি অস্ত্রের এখনও কোনো খোঁজ মেলেনি।
গত ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের বিভিন্ন থানা-ফাঁড়িসহ নানান স্থাপনা থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র ও ৬ লাখ ৫১ হাজার ৬০৯টি গোলাবারুদ লুট হয়। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রাইফেল, এসএমজি (স্মল মেশিনগান), এলএমজি (লাইট মেশিনগান), পিস্তল, শটগান, গ্যাসগান, কাঁদানে গ্যাস লঞ্চার, কাঁদানে গ্যাসের শেল, কাঁদানে গ্যাসের স্প্রে, সাউন্ড গ্রেনেড ও বিভিন্ন বোরের গুলি।
লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।