Print

সারাদিন

সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে ছাত্রদল নেতাকর্মীদের সতর্ক বার্তা

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২৫

সারাদিন ডেস্ক

ছাত্রদল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নেতাকর্মীদের দায়িত্বশীল ও সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে। রোববার (১০ আগস্ট) সংগঠনের দপ্তর থেকে পাঠানো এক বার্তায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেন।

ছাত্রদল জানায়, তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগমাধ্যম গণমানুষের মতপ্রকাশের অন্যতম প্রধান মাধ্যম। তাই ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের উচিত সামাজিক মাধ্যমে দায়িত্বশীলতা, সহনশীলতা, বিভিন্ন মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, গণতন্ত্র ও নারীর প্রতি সম্মান প্রদর্শন, ধর্মীয় সহাবস্থান এবং ধর্মীয় বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা। সংগঠনের আদর্শ, মূলনীতি ও সাংগঠনিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আচরণ নিশ্চিত করতে হবে।

বার্তায় আরও বলা হয়, বিভিন্ন মত ও পথের সংগঠনের সঙ্গে মতপার্থক্য থাকতে পারে এবং নীতিমালা নিয়ে বিতর্কও হতে পারে। তবে এসব বিতর্কে পারস্পরিক শ্রদ্ধাশীল ও সম্মানজনক হওয়া আবশ্যক। ছাত্রদল নারীর প্রতি সর্বদা শ্রদ্ধাশীল এবং নারীদের রাজনীতিতে অধিক অংশগ্রহণের পক্ষে। কেউ যদি সংগঠনের দৃষ্টিভঙ্গির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আচরণ করে, তখন সংগঠন যথাযথ ব্যবস্থা নেবে।

ছাত্রদল সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও সহাবস্থানের নীতিতে বিশ্বাসী। মুসলিম সম্প্রদায়ের পর্দার বিধানকে পূর্ণ সম্মান জানায়। সেক্যুলারিজমের নামে বিভিন্ন শিক্ষাঙ্গনে পর্দার ওপর কড়াকড়ি আরোপের চেষ্টা হলে ছাত্রদল তা প্রতিবাদ করবে।

সংগঠনের নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে বিনয়, পরিশীলিতা, সহনশীলতা, সাংগঠনিক শৃঙ্খলা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখবেন বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।

Nagad
Nagad