Print

সারাদিন

নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভে রাহুল-প্রিয়াঙ্কা আটক

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫

সারাদিন ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচনী কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ বিরোধী দলীয় সংসদ সদস্যদের আটক করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) সকালে পার্লামেন্ট ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রতিবাদস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, বিপুল সংখ্যক রাজনৈতিক নেতা ও কর্মী রাস্তায় বসে ব্যানার ও পতাকা নেড়ে স্লোগান দিচ্ছেন। অনেককে পুলিশের ব্যারিকেডের সামনে ধাক্কাধাক্কি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেছে।

আটক হওয়ার সময় রাহুল গান্ধী গণমাধ্যমকে বলেন, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পারি না, এটাই বাস্তবতা। সত্যটা আজ জাতির সামনে। এই লড়াই রাজনৈতিক নয়, এটি সংবিধান রক্ষার জন্য। আমরা একটি পরিষ্কার ও নির্ভুল ভোটার তালিকা চাই।

প্রিয়াঙ্কা গান্ধী আটক হওয়ার সময় বলেন, ওরা ভয় পেয়েছে। সরকার কাপুরুষ।

জানা গেছে, বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ও নির্বাচনী অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনের দপ্তরের দিকে পদযাত্রা করছিলেন ইন্ডিয়া জোটের নেতারা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সংসদের ‘মকর দ্বার’ থেকে নির্বাচন সদন পর্যন্ত এই পদযাত্রা শুরু হয়। তবে পার্লামেন্ট ভবন থেকে কিছু দূর এগোতেই পুলিশ ব্যারিকেড বসিয়ে তাদের থামিয়ে দেয়।

এসময় তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র ও সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ কয়েকজন নেতা ঘটনাস্থলেই বসে অবস্থান ধর্মঘট শুরু করেন। সূত্র: এনডিটিভি

Nagad
Nagad