প্রকাশিত: ৩:০০ অপরাহন, গাস্ট ১১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ৮০ হাজার সেনাসদস্য মাঠে থাকবেন।
সোমবার (১১ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জের ঢাকা-৩ আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য দেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি নৌবাহিনীসহ অন্যান্য বাহিনীও দায়িত্বে থাকবে।
তিনি আরও বলেন, চাঁদাবাজ যে রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। “যত বড় নেতাই হোক, অপরাধ করলে তাকে ধরা হবে, যোগ করেন তিনি।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মামলায় নিরপরাধ ব্যক্তিদের হয়রানি প্রসঙ্গে তিনি বলেন, নিরীহ নিরপরাধ ব্যক্তি যেন আইনের আওতায় না আসে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। টাকার লোভে অনেকের নামে জুলাই-আগস্টে মামলা হয়েছে। কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়; সেই চেষ্টা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।