প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্, গাস্ট ১২, ২০২৫
সারাদিন ডেস্ক
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় সকাল ৮টার (মালয়েশিয়ার সময় সকাল ১০টা) কিছু আগে বৈঠকের বিষয়টি জানানো হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অধ্যাপক ইউনূস বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে। রোহিঙ্গা সমস্যার সমাধানে মালয়েশিয়া সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে।
দ্বিপক্ষীয় বৈঠকের আগে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পুত্রজায়ায় পৌঁছালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাঁকে স্বাগত জানান এবং কূটনীতিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।
অধ্যাপক ইউনূস সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়ালালামপুরে পৌঁছান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। এ সময় তাঁকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার সফরে অভিবাসন ও বিনিয়োগ-সম্পর্কিত বিষয় অগ্রাধিকার পাবে। আজ তিনি একটি ব্যবসায়ী সম্মেলনে যোগ দেবেন এবং বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে। সফরকালে মোট পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামীকাল বুধবার মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করবে। অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও উপস্থিত থাকতে পারেন। এছাড়া মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন অধ্যাপক ইউনূস।