প্রকাশিত: ২:৪০ অপরাহন, গাস্ট ১২, ২০২৫
সারাদিন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমানে আমরা আগামী ফেব্রুয়ারিতে নতুন সরকারের জন্য নির্বাচনের আয়োজন করতে প্রস্তুত। নির্বাচনের মাধ্যমে দেশকে স্বাভাবিক পরিচালনার পথে ফেরানো হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরের পুত্রজায়ায় দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি মালয়েশিয়ার সহযোগিতার প্রত্যাশাও জানান।
প্রধান উপদেষ্টা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
অধ্যাপক ইউনূস স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। মঙ্গলবার বিকেলে তিনি একটি ব্যবসায়িক ফোরামে অংশগ্রহণ করবেন এবং মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন।
আগামীকাল বুধবার তিনি ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম)-এ আচার্য এবং নেগেরি সেমবিলান রাজা তুয়াংকু মুহরিয ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর ইউকেএম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতা দেবেন।