Print

সারাদিন

সচিবালয়ে নিরাপত্তা জোরদার, মিছিল-সমাবেশ নিষিদ্ধসহ ৭ নির্দেশনা জারি

প্রকাশিত: ৪:৩৪ অপরাহন, গাস্ট ১২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সচিবালয়ের ভেতরে নিরাপত্তা জোরদার করতে সাতটি নির্দেশনা দিয়েছে সরকার। মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ের নিরাপত্তা সংক্রান্ত এসব নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

নির্দেশনা অনুযায়ী, সচিবালয়ের অভ্যন্তরে মিছিল, সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ভবন ও প্রাঙ্গণে কোনো ধরনের লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝুলানো যাবে না।

৭ নির্দেশনা

১. সচিবালয়ের অভ্যন্তরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত বাতিল করা হলো।
২. সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সম্মেলন কক্ষে অননুমোদিত কোনো সভা বা সমাবেশ বা কোনো পেশাগত সংগঠন, সমিতির সভা, সম্মেলন, বৈঠক করা যাবে না।
৩. সন্ধ্যা ৬টার পর সচিবালয়ের অভ্যন্তরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।
৪. সাপ্তাহিক ছুটি কিংবা অন্য কোনো ছুটির দিনে সচিবালয়ের অভ্যন্তরে দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি গ্রহণ করতে হবে।
৫. সচিবালয়ের অভ্যন্তরে কর্মরত কর্মকর্তা বা কর্মচারীদের সচিবালয় প্রবেশ পাস দৃশ্যমান রাখতে হবে।
৬. সচিবালয়ের অভ্যন্তরের কোনো ভবন বা প্রাঙ্গণে কোনোরূপ লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝুলানো বা স্থাপন করা যাবে না।
৭. সচিবালয়ে প্রবেশকালীন গাড়ি বা ব্যক্তির নিরাপত্তা তল্লাশি দায়িত্বরত নিরাপত্তা বাহিনী নিশ্চিত করবে।