Print

সারাদিন

ছাগল পালনে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ, সুদ ৪ শতাংশ

প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

কৃষি ও পল্লী ঋণ নীতিমালার আওতায় ছাগল পালনের জন্য একজন কৃষক বা খামারি সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এ ঋণের সুদহার নির্ধারণ করা হয়েছে মাত্র ৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (১২ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের জন্য কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করেছে। নতুন নীতিমালায় গবাদি পশুর পাশাপাশি ছাগল পালনের জন্যও পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, সর্বোচ্চ ৫০টি ছাগল পালনের জন্য অনধিক ১০ লাখ টাকা ঋণ দেওয়া যাবে। খামার তৈরিতে ঘর নির্মাণ বাবদ এককালীন প্রদত্ত ঋণও কৃষিঋণ হিসেবে গণ্য হবে। তবে ৫০টির বেশি ছাগল পালনের বৃহৎ বা বাণিজ্যিক খামারের অবকাঠামো নির্মাণে নেওয়া ঋণ কৃষি ঋণ হিসেবে বিবেচিত হবে না।

নারী ও প্রান্তিক খামারিদের অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে নীতিমালায় আরও বলা হয়েছে, ব্যাংকের শাখাগুলো এ খাতে বিতরণ করা ঋণের তথ্য সংরক্ষণ করবে এবং প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান কার্যালয়কে সরবরাহ করবে।

চলতি অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার কোটি টাকা, যা গত অর্থবছরের চেয়ে এক হাজার কোটি টাকা বেশি।

নীতিমালায় বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষিখাতের বহুমুখী চ্যালেঞ্জের কথা উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, নতুন নীতিমালা কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, গ্রামীণ অর্থায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে অগ্রণী ভূমিকা রাখবে।

Nagad
Nagad