প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্, গাস্ট ১৪, ২০২৫
রংপুর সংবাদদাতা:
রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে জামাই-শ্বশুরকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই এসআই ও ছয় কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রংপুরের পুলিশ সুপার আবু সাইম। বরখাস্তরা হলেন—তারাগঞ্জ থানার এসআই আবু জোবায়ের, এসআই সফিকুল ইসলাম, কনস্টেবল ফারিকুদ আখতার জামান, ধিরাজ কুমার রায়, হাসান আলী, ফিরোজ কবির, মোক্তার হোসেন ও বাবুল চন্দ্র রায়।
জেলা পুলিশ সূত্র জানায়, ঘটনার সময় তারা থানার মোবাইল টিমে দায়িত্বে ছিলেন। দায়িত্বে অবহেলার প্রমাণ মেলায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জোবায়েরকে মামলার তদন্ত থেকে অব্যাহতি দিয়ে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।
গত শনিবার (৯ আগস্ট) রাতে তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বুড়িরহাটে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন রূপলাল দাস ও প্রদীপ দাস। তারা সম্পর্কে জামাই-শ্বশুর। পরদিন নিহত রূপলালের স্ত্রী অজ্ঞাত ৭০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।