Print

সারাদিন

ব্যাপক সাড়া: ১০ দিনে প্রায় এক লাখ করদাতার ই-রিটার্ন দাখিল

প্রকাশিত: ১২:৫৪ অপরাহন, গাস্ট ১৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমে করদাতাদের ব্যাপক সাড়া মিলেছে। শুরু হওয়ার মাত্র ১০ দিনের মধ্যে ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা রিটার্ন জমা দিয়েছেন, যা গত বছরের তুলনায় পাঁচ গুণ বেশি।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বৃহস্পতিবার (১৪ আগস্ট) জানায়, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ কার্যক্রমের উদ্বোধন করেন। ২০২৪-২৫ কর বছরে প্রথম ১০ দিনে রিটার্ন জমা পড়েছিল মাত্র ২০ হাজার ৫২৩টি।

গত ৩ আগস্টের বিশেষ আদেশে ৬৫ বছরের ঊর্ধ্ব প্রবীণ, শারীরিকভাবে অসমর্থ, বিদেশে অবস্থানরত করদাতা ও মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিদের ছাড়া বাকি সবার জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক করা হয়। পরে ১১ আগস্ট বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের এ বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়।

করদাতারা ব্যাংক ট্রান্সফার, কার্ড বা মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার মাধ্যমে কর পরিশোধ ও রিটার্ন দাখিলের পর তাৎক্ষণিকভাবে আয়কর সনদ সংগ্রহ করতে পারছেন। এছাড়া, সমস্যার সমাধানে এনবিআরের কল সেন্টার ও অনলাইন প্ল্যাটফর্ম চালু রয়েছে।

এনবিআর সকল করদাতাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন করে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে।

Nagad
Nagad