Print

সারাদিন

সাত কলেজের দায়িত্ব সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর করলো ঢাবি

প্রকাশিত: ৬:১৫ অপরাহন, গাস্ট ১৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের সব প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক দায়-দায়িত্ব আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর করেছে। এর মধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য, ছবি ও ভর্তি পরীক্ষার ফি-ও অন্তর্ভুক্ত রয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তার সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব দায়িত্ব ও তথ্য সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের হাতে তুলে দেন। এর মাধ্যমে সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণ প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন হলো।

অনুষ্ঠানে ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা, ভর্তি কমিটির আহ্বায়ক ও সাত কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের সফলতা কামনা করেন।