Print

সারাদিন

১০ সংস্কার কমিশনের ৩৭টি সুপারিশ বাস্তবায়িত হয়েছে

প্রকাশিত: ৭:৪৩ অপরাহন, গাস্ট ১৪, ২০২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক:

রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে সরকার মোট ১১টি সংস্কার কমিশন গঠন করে। সংবিধান সংস্কার কমিশন বাদে বাকি ১০টি কমিশনের ৩৬৭টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়। এর মধ্যে মোট ৩৭টি সুপারিশ ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে।

যেসব কমিশনের সুপারিশ বাস্তবায়িত হয়েছে, সেগুলো হলো: জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুদক সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন এবং গণমাধ্যম সংস্কার কমিশন।

বাস্তবায়িত সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন ও নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা প্রণয়ন।

নাগরিকদের পাসপোর্ট প্রদানে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম বাতিল।

সরকারি সব দপ্তরে গণশুনানি নিশ্চিতকরণ।

Nagad
Nagad

দুদক আইনের ধারা সংশোধন ও উচ্চমাত্রার দুর্নীতি তদন্তে সমন্বিত টাস্কফোর্স গঠন।

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত সুপারিশ বাস্তবায়ন।

আদালতে ‘ইনফরমেশন ডেস্ক’ স্থাপন, নারী ও শিশুদের জন্য স্বতন্ত্র স্থান এবং অনলাইনে সাক্ষী গ্রহণ।

নারী ও শিশু সুরক্ষা আইনি কাঠামো তৈরি এবং সংশ্লিষ্ট সেবাপ্রদাতাদের জেন্ডার সংবেদনশীলতা প্রশিক্ষণ।

প্রবাসী শ্রমিকদের জীবন বীমা, নিরাপদ ভিসা প্রক্রিয়া, নারী শ্রমিকদের অধিকার ও ব্যাংক হিসাব খোলার সুবিধা।

শ্রম আদালতের সংখ্যা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ কাজ চিহ্নিত ও ঝুঁকি ও সুরক্ষা নিশ্চিত করা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য-উপাত্ত তুলে ধরেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত সপ্তাহে মোট ১২১টি সুপারিশ বাস্তবায়নাধীন ছিল, যার মধ্যে ১৪টি সম্পূর্ণ ও ১৪টির আংশিক বাস্তবায়ন হয়েছে।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৮তম বৈঠকে আরও ২৪৬টি আশু করণীয় সংস্কার সুপারিশ গৃহীত হয়েছে। এর মধ্যে শ্রম সংস্কার কমিশনের ৮২টি, নারী সংস্কার কমিশনের ৭১টি, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সংস্কার কমিশনের ৩৭টি, স্বাস্থ্য সংস্কার কমিশনের ৩৩টি ও তথ্য সংস্কার কমিশনের ২৩টি সুপারিশ অন্তর্ভুক্ত।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।