প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্, গাস্ট ১৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী আজ শনিবার (১৬ আগস্ট)। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন হিন্দু সম্প্রদায়।
জন্মাষ্টমী উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। তিনি বলেন, ‘শুভ জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। অন্যায়-অবিচারের বিরুদ্ধে তিনি সর্বদা শুভশক্তির পক্ষে দাঁড়িয়েছেন।’
হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। বিশ্বাস করা হয়, পাশবিক শক্তি যখন সত্য ও ন্যায়নীতিকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন মানবজাতির কল্যাণে মহাবতার শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সর্বজনীন পূজা কমিটি দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। সকাল ৮টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। দুপুর ২টায় ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল এবং রাতে অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণ পূজা।
এ ছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনও নানা কর্মসূচি পালন করছে। জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ বেতার, টেলিভিশন এবং বেসরকারি চ্যানেলগুলোতে সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান।