প্রকাশিত: ৭:২২ অপরাহন, গাস্ট ১৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এই দেশ সবার, এখানে কোনো ভেদাভেদ থাকবে না। সবার সমান অধিকার থাকবে।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান উপস্থিত সবার উদ্দেশে বলেন, আপনারা নিশ্চিন্তে এ দেশে বসবাস করবেন। ধর্মীয় সব অনুষ্ঠান আনন্দের সঙ্গে উদযাপন করবেন। সশস্ত্র বাহিনী সবসময় আপনাদের পাশে আছে। আমরা সবাই মিলে কাজ করবো।
তিনি আরও বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ সর্বত্র ছড়িয়ে পড়ুক। সেই আদর্শের ভিত্তিতে আমরা সুন্দরভাবে এ দেশে একসঙ্গে বসবাস করবো।
অনুষ্ঠানে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সাহস জোগায় না, ন্যায়ের পথেও চলতে শেখায়। এই বাংলাদেশ আমাদের সবার। স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সবার পবিত্র দায়িত্ব।
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, পারস্পরিক সহনশীলতার মাধ্যমে দেশকে আরও শক্তিশালী করতে হবে। শ্রীকৃষ্ণ সমাজে ন্যায় ও আলোর সত্য প্রজ্জ্বলিত করুন।