প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্, গাস্ট ১৮, ২০২৫
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের আকবর শাহ এলাকার সিটি গেটের কাছে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতরা সবাই মাছ ব্যবসায়ী।
সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে—কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮) ও অজিত দাশ (৩০)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. আলমগীর হোসেন জানান, ভোরে সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে মাছবোঝাই পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।
আকবর শাহ থানার পুলিশ জানায়, দুর্ঘটনার সময় পিকআপে মোট ১০ জন মাছ ব্যবসায়ী ছিলেন। নিহতদের লাশ সুরতহালের পর ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
অন্যদিকে ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনার খবর পেয়ে ভোর ৫টা ৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার।