প্রকাশিত: ১২:৩৬ অপরাহন, গাস্ট ১৮, ২০২৫
সারাদিন ডেস্ক
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ১৮ বছর আগে বরখাস্ত হওয়া ৩২৮ জন কর্মকর্তাকে তাদের চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। আপিল বিভাগের এই রায় ১৭ পাতার, যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। একইসঙ্গে তাদের সব ধরনের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
সোমবার (১৮ আগস্ট) আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ছিল স্বাধীন ও সার্বভৌম ক্ষমতার ওপর অসাংবিধানিক হস্তক্ষেপ।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ বিষয়ে রায় ঘোষণা করেছিলেন।
জানা যায়, ২০০৫ সালের ৩ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ৩২৮ জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এ নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়।
পরবর্তীতে ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাদের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় ৮৫ জনকে অযোগ্য ঘোষণা করে একই বছরের ৩ সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়।
এ ঘটনায় চাকরিচ্যুতরা মামলা করলে ২০০৯ সালের ২৩ মার্চ প্রশাসনিক ট্রাইব্যুনাল তাদের মামলা খারিজ করে দেয়। পরবর্তীতে তারা আপিল করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি আপিল বিভাগ তাদের পক্ষে রায় দেন এবং সম্প্রতি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলো।