Print

সারাদিন

কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল কারাগারে

প্রকাশিত: ৫:২৪ অপরাহন, গাস্ট ১৮, ২০২৫

সারাদিন ডেস্ক

সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে শহিদুল আপিলের শর্তে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩১ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কক্সবাজার সফরের পর গুলশানে ফেরার সময় শহিদুলের নেতৃত্বে কৃষকদলের নেতাকর্মীরা পল্টন এলাকায় সরকারবিরোধী স্লোগান দেন এবং ভিআইপি রোড বন্ধ করে ভাঙচুরের চেষ্টা চালান। পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম খলিল ওইদিনই মামলা দায়ের করেন।

বিচার প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ২৩ নভেম্বর শহিদুল ইসলাম বাবুলকে এক ধারায় আড়াই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে সাত দিনের কারাদণ্ড, আরেক ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। তখন তিনি পলাতক ছিলেন, তাই আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে।

শহিদুলের আইনজীবী জানান, তারা উচ্চ আদালতে পুনরায় জামিনের আবেদন করবেন।

Nagad
Nagad