প্রকাশিত: ৭:০৬ অপরাহন, গাস্ট ১৮, ২০২৫
জ্যেষ্ঠ প্রতিবেদক:
মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর গ্রেফতারের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার সাধারণ জনগণ বা নির্দোষ কেউ যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে আন্তরিক। তিনি বলেন, আমরা সবসময় চুনোপুঁটিগুলো ধরি। বড় রুই মাছ সবসময় ছাড়া পেয়ে যায়। এবার একটা বড় রুই মাছ ধরেছে, এখন সবাই প্রশ্ন তুলছেন।
সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, যে কোনো অবৈধ গ্রেপ্তারের ক্ষেত্রে কোর্টের স্বাধীনতা রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সভায় মব জাস্টিস কীভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আমি বলব না যে মব জাস্টিস এলিমিনেট (বন্ধ) হয়ে গেছে। এখনো মব হচ্ছে, যেমন কিছু দিন আগে রংপুরে একটা মব জাস্টিস হয়েছে। ঢাকাতে মব জাস্টিস কমেছে। কিন্তু আশেপাশে দুই-একটা মব জাস্টিস হয়েই যাচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা কমিয়ে আনা যায়।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে পুলিশে ১৫ হাজার ৮৫১ জন, বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, আনসার-সেনায় ৫ হাজার ৫৫১ জন, কারাগারে ১ হাজার ৫৫৮ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জন নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন নিয়োগ করা জনবল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই কাজ শুরু করবে বলে জানিয়েছেন উপদেষ্টা।