Print

সারাদিন

সিলেটে পাথর লুট: জেলা প্রশাসক নিয়োগের পর কোম্পানিগঞ্জে নতুন ইউএনও

প্রকাশিত: ৮:১২ অপরাহন, গাস্ট ১৮, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের বিভিন্ন কোয়ারি ও পর্যটন এলাকায় প্রকাশ্যে পাথর লুটপাট ও অবৈধ বালু উত্তোলন ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা নিয়ে দেশজুড়ে সমালোচনার পর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে সোমবার (১৮ আগস্ট) সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. সারোয়ার আলম। বিদায়ী ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদ পাথর লুটপাট নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।

একই ঘটনায় বিকেলে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের আরেক প্রজ্ঞাপনে কোম্পানিগঞ্জ উপজেলার আলোচিত ইউএনও আজিজুন্নাহারকে বদলি করে ফেঞ্চুগঞ্জ উপজেলায় সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ফেঞ্চুগঞ্জের ইউএনও মো. শফিকুল ইসলাম।

সাদা পাথর, জাফলং ও লোভাছড়াসহ বিভিন্ন এলাকায় অবাধে পাথর লুট ও অবৈধ বালু উত্তোলনের কারণে সম্প্রতি সিলেটের প্রশাসনিক শীর্ষ কর্মকর্তারা ব্যাপক সমালোচনার মুখে পড়েন। গত এক সপ্তাহ ধরে চলা এই সমালোচনার প্রেক্ষাপটে অবশেষে জেলা ও উপজেলা প্রশাসনে এই পরিবর্তন আনা হলো।