প্রকাশিত: ৯:০০ অপরাহন, গাস্ট ১৮, ২০২৫
সারাদিন ডেস্ক
হাইকোর্ট দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে সাপের কামড়ের অ্যান্টিভেনম সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
জনস্বার্থে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ সোমবার (১৮ আগস্ট) এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরন্নবী ও অ্যাডভোকেট ইসমাঈল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও তানিম খান।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাপের কামড়ে ৩৮ জন মারা গেছেন এবং ৬১০ জন আহত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজে জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ৪১৬ জন ভর্তি হয়েছেন, যার মধ্যে চন্দ্রবোড়া ভাইপারের কামড়ে মারা গেছেন পাঁচজন।
বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশে সাপের কামড় একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। প্রধান বিষধর সাপের মধ্যে গোখরা, ক্রেইট (কালাচ্), চন্দ্রবোড়া ও সবুজ সাপ উল্লেখযোগ্য। অ্যান্টিভেনম কার্যকরভাবে বিষধর সর্পদংশনের চিকিৎসা নিশ্চিত করে। দেশে অ্যান্টিভেনম উৎপাদিত না হওয়ায় ভারত থেকে আমদানি করে সরকারি হাসপাতালগুলোতে বিতরণ করা হচ্ছে।