Print

সারাদিন

২০০০ কোটি টাকা দেনা রেখে ৯৩৭ কোটি টাকার রেকর্ড মুনাফা দেখালো বিমান

প্রকাশিত: ১২:৫৭ অপরাহন, গাস্ট ১৯, ২০২৫

সারাদিন ডেস্ক

বকেয়া দুই হাজার কোটি টাকার বেশি রেখে বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড মুনাফার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির দাবি, এ সময়ে তাদের মুনাফা দাঁড়িয়েছে ৯৩৭ কোটি টাকা, যা ৫৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ।

তবে বিমানের এ মুনাফার ঘোষণা বিস্ময় জাগিয়েছে দেশের একমাত্র জেট ফুয়েল সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা অয়েল ও তাদের মূল প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি)। তাদের হিসাবে, বিমানের কাছে এখনো জেট ফুয়েল বাবদ বকেয়া আছে দুই হাজার কোটি টাকার বেশি।

সোমবার (১৮ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মুনাফার তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে বিমান যাত্রী পরিবহন করেছে ৩ দশমিক ৪ মিলিয়ন, কার্গো পরিবহন করেছে প্রায় ৪৪ হাজার টন এবং কেবিন ফ্যাক্টর বেড়ে দাঁড়িয়েছে ৮২ শতাংশে। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে বিমানের ইতিহাসে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ডও হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দ্রুত লাগেজ সরবরাহ, উন্নত ইন-ফ্লাইট সেবা, বিমানবন্দর প্রক্রিয়ার আধুনিকায়ন ও নিরাপত্তা মান বজায় রাখায় যাত্রীদের আস্থা বাড়ছে।

এর আগে বিমানের সর্বোচ্চ মুনাফা হয়েছিল ২০২১-২২ অর্থবছরে, যার পরিমাণ ছিল ৪৪০ কোটি টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিপিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দেনার টাকা শোধ না করেই বিমান এ মুনাফার ঘোষণা দিয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বিপিসি বা পদ্মা অয়েল কর্তৃপক্ষ।

Nagad
Nagad